ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

স্পোর্টস ডেস্ক ::

 

কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর মামলার বিচারকাজে উপস্থাপন করা কিছু চিকিৎসা পরীক্ষার নথি আসলে তার বাবার। এমনটিই স্বীকার করেছে আর্জেন্টিনার একটি স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান।

সোমবার বার্তা সংস্থা এএফপির দেখা এক চিঠিতে সুইস মেডিক্যাল জানিয়েছে, ম্যারাডোনার মৃত্যুর তদন্তে গঠিত চিকিৎসা কমিশনের কাছে দেওয়া পরীক্ষার নথিগুলো ভুল করে ‘দিয়েগো আরমান্দো ম্যারাডোনা’ নামেই সংরক্ষিত ছিল। অথচ সেগুলো ছিল তার প্রয়াত বাবা দিয়েগো সালুস্তিয়ানো ম্যারাডোনার।

 

ম্যারাডোনার বাবা ২০১৫ সালে মারা যান। এর পাঁচ বছর পর ২০২০ সালে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত দিয়েগো ম্যারাডোনার মৃত্যু হয়।

গত সপ্তাহে বিষয়টি নজরে আসে মামলায় অভিযুক্ত সাত স্বাস্থ্যকর্মীর একজনের আইনজীবীর। তার অনুসন্ধানের পর ভুলটি প্রকাশ্যে আসে।

 

৬০ বছর বয়সে ২০২০ সালের নভেম্বরে মারা যান ম্যারাডোনা। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং ফুসফুসে তীব্র মাত্রায় তরল জমে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছিল। মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত অপসারণের অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর বুয়েনস এইরেসের উপকণ্ঠ তিগ্রেতে ভাড়া নেওয়া একটি বাড়িতে তার মৃত্যু হয়।

 

ম্যারাডোনার মৃত্যুর আগে তার চিকিৎসায় গুরুতর অবহেলার অভিযোগ উঠেছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। অভিযুক্তরা অবশ্য অভিযোগ অস্বীকার করে আসছেন।

 

মামলার শেষ পর্যায়ের শুনানিতে ম্যারাডোনার কিডনির অবস্থা বিশেষ গুরুত্ব পেয়েছে। একজন কিডনি বিশেষজ্ঞ সাক্ষ্য দিয়ে বলেছিলেন, তার চিকিৎসকদের বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল।

 

কিন্তু এখন জানা গেছে, ওই বিশেষজ্ঞ তার বিশ্লেষণের ভিত্তি হিসেবে ভুল ব্যক্তির চিকিৎসা পরীক্ষার ফলাফল ব্যবহার করেছিলেন।

 

এই ভুলের কারণে বিচার কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এর ফলে আদালত আরও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে। এর আগে বিচারকদের একজনের স্বার্থের সংঘাতকে কেন্দ্র করে গত বছর প্রথম দফার বিচারও ভেস্তে গিয়েছিল।

 

চলতি বছরের এপ্রিলে শুরু হওয়া দ্বিতীয় দফার বিচার আগামী বৃহস্পতিবার আবার শুরু হবে। বিচারকাজ অন্তত সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31