দিরাইয়ে বিজিবির ভুয়া সদস্য আটক, হোটেলের টিভি-তোয়ালেসহ চোরাই মালামাল উদ্ধার

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৬

দিরাইয়ে বিজিবির ভুয়া সদস্য আটক, হোটেলের টিভি-তোয়ালেসহ চোরাই মালামাল উদ্ধার

প্রতিনিধি / সুনামগঞ্জ ::

 

সুনামগঞ্জের দিরাইয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভুয়া পরিচয় দিয়ে আবাসিক হোটেলে চুরির অভিযোগে সাইফুর রহমান রুনেল (৩৯) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। চুরিকৃত মালামালসহ পালিয়ে যাওয়ার সময় সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক সাইফুর রহমান রুনেল সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট নিজেকে বিজিবি সদস্য পরিচয়ে দিরাই পৌর শহরের ‘জাকারিয়া আবাসিক হোটেল’-এর ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন রুনেল। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিজিবির লোগোযুক্ত পোশাক পরে ও ট্রাভেল ব্যাগ হাতে নিয়ে হোটেল থেকে বের হওয়ার সময় ম্যানেজারের সন্দেহ হয়। পরবর্তীতে হোটেলের সিসিটিভি ফুটেজ এবং ওই কক্ষ পরীক্ষা করে দেখা যায়— কক্ষের ২৪ ইঞ্চি এলইডি টিভি, বাথরুমের লুকিং গ্লাস, বেসিন শেলফ ও তোয়ালে উধাও হয়ে গেছে।

 

বিষয়টি টের পেয়ে হোটেল কর্তৃপক্ষ তাকে ধাওয়া করে এবং জাউয়াবাজার এলাকায় গাড়ি থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার ট্রাভেল ব্যাগ থেকে চুরি হওয়া সব মালামাল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুনেল ভুয়া পরিচয় দিয়ে চুরির বিষয়টি স্বীকার করেছেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিজিবির ভুয়া পরিচয় দিয়ে হোটেলে উঠে চুরির ঘটনা ঘটিয়েছিলেন রুনেল। খবর পেয়ে পুলিশ মালামালসহ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় দিরাই থানায় একটি চুরির মামলা দায়েরের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031