মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা

স্পোর্টস ডেস্ক ::

 

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে ১,৫০০ ডলার জরিমানা করেছেন সিডনির একটি আদালত। একই সঙ্গে গাড়ি চালানোর জন্য তাকে বিশেষ নিয়ন্ত্রণযন্ত্রযুক্ত লাইসেন্স নিতে হবে।

৩৯ বছর বয়সী ওয়ার্নার গত মাসে অপরাধ স্বীকার করেছিলেন। মঙ্গলবার ওয়েভারলি স্থানীয় আদালত তাকে মাঝারি মাত্রায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে দোষী সাব্যস্ত করে জরিমানা করেন।

 

ইস্টার সানডের সময় একটি আকস্মিক শ্বাস পরীক্ষার স্থানের কাছে পৌঁছানোর সময় ওয়ার্নার গাড়ির চালকের আসন থেকে সরে গিয়ে এক নারী যাত্রীর সঙ্গে আসন বদলের চেষ্টা করেছিলেন। পরে পুলিশ তাকে চালক হিসেবে শনাক্ত করে। পরীক্ষায় তার শরীরে অনুমোদিত মাত্রার দ্বিগুণেরও বেশি অ্যালকোহল পাওয়া যায়।

ওয়ার্নারের আইনজীবী আওয়াইস আহমেদ আদালতে যুক্তি দেন, এই অপরাধের জন্য ওয়ার্নারকে দোষী সাব্যস্ত না করলেও চলত। কারণ গণমাধ্যমে ব্যাপক প্রচারের মাধ্যমে তিনি ইতোমধ্যেই অতিরিক্ত শাস্তির মুখোমুখি হয়েছেন।

 

আহমেদ বলেন, তার মক্কেলের এই ভুলের খবর বিশ্বজুড়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মধ্যে ইএসপিএন, আল জাজিরা ও ইন্ডিয়ান এক্সপ্রেসও রয়েছে।

 

তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মতো দেশগুলোতে, যেখানে ওয়ার্নার ভবিষ্যতে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার চেষ্টা করতে পারেন, সেখানে ‘মদ্যপান না করার সংস্কৃতি’ ব্যাপকভাবে গ্রহণযোগ্য।

 

আদালতে ওয়ার্নারের আইনজীবী বলেন, ‘তার এই অপরাধের পরিণতি অত্যন্ত গুরুতর।’

 

তিনি আরও বলেন, ‘বাণিজ্যিক সুযোগগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

 

পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের অধিনায়কত্ব করার পর উপমহাদেশ থেকে ইস্টারের ছুটিতে দেশে ফেরার সময় ওয়ার্নারকে গ্রেপ্তার করা হয়েছিল।

 

আদালতে উপস্থাপিত ঘটনার বিবরণ অনুযায়ী, শ্বাস পরীক্ষার স্থানটি দেখতে পেয়ে ওয়ার্নার কিছুটা দূরে গাড়ি থামান এবং এক নারী যাত্রীর সঙ্গে আসন বদলের চেষ্টা করেন। পরে পুলিশ তাকে চালক হিসেবে শনাক্ত করলে তিনি পরীক্ষায় সহযোগিতা করেন।

 

ওয়ার্নারের আইনজীবী প্রশ্ন তোলেন, অপরাধটি খুব গুরুতর না হওয়া সত্ত্বেও নিউ সাউথ ওয়েলস পুলিশ কেন তার গ্রেপ্তারের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।

 

তিনি বলেন, ‘এরপর গণমাধ্যমে যে ব্যাপক প্রচার হয়েছে, তা ছিল অত্যন্ত গুরুতর।’

 

বিচারক ক্লেয়ার ফারনান বলেন, ওয়ার্নার ও তার স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নারকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষ্ঠুর মন্তব্য করার প্রমাণ পাওয়া গেছে।

 

ওয়ার্নারের আইনজীবী আরও জানান, ঘরোয়া বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের অধিনায়ক হিসেবে তার অবস্থানও হুমকির মুখে পড়েছে।

 

সিডনি থান্ডার, সিডনি সিক্সার্স এবং শেফিল্ড শিল্ডের দল নিউ সাউথ ওয়েলস ব্লুজ মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিরুৎসাহিত করতে রাজ্য সরকারের একটি প্রচারণার অংশ।

 

তবে ওয়ার্নারের আইনজীবীর আবেদন সত্ত্বেও বিচারক ফারনান তাকে দোষী সাব্যস্ত করেন। তিনি বলেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো থেকে সাধারণ মানুষকে বিরত রাখার প্রয়োজনীয়তাই তার সিদ্ধান্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। গাড়িতে শিশু থাকায় অপরাধটি আরও গুরুতর হয়েছে বলেও জানান তিনি।

 

বিচারক বলেন, গত পাঁচ বছরে মাঝারি মাত্রায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ১৭ হাজার ৩০০-এর বেশি মানুষ আদালতে হাজির হয়েছেন।

 

তিনি বলেন, ‘আমি মেনে নিচ্ছি, ওয়ার্নারের আবার একই অপরাধ করার সম্ভাবনা কম।’

 

তবে তিনি আরও বলেন, ‘দুঃখজনকভাবে, নিউ সাউথ ওয়েলসের অনেক সড়ক দুর্ঘটনার পেছনে এখনো মদ্যপ অবস্থায় গাড়ি চালানো একটি গুরুত্বপূর্ণ কারণ।’

 

বিশেষ নিয়ন্ত্রণযন্ত্রযুক্ত লাইসেন্সের জন্য আবেদন করে গাড়িতে যন্ত্রটি বসানোর পর আবার গাড়ি চালাতে পারবেন ওয়ার্নার। গাড়িতে বসানো ওই যন্ত্রটি চালু হওয়ার আগে চালকের শরীরে অ্যালকোহল রয়েছে কি না তা পরীক্ষা করবে। অ্যালকোহল শনাক্ত হলে গাড়িটি চালু হবে না।

Spread the love

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031