সিলেট ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রতিনিধি / সুনামগঞ্জ ::
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ, যৌতুক, জুয়া ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের মিলনায়তনে মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) জনি রায়।
সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক ব্যাধি এবং জুয়া ও মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে।
বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলে। অন্যদিকে, মাদক ও জুয়া পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধ ও অস্থিরতা সৃষ্টি করে। এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাহাবুদ্দিন শাহিন পিপিএম, মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার (টিটু), উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ আওয়াল মিসবাহ, খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহীদ, জামায়াতে ইসলামী মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু তাহের এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বাল্যবিবাহ, যৌতুক, জুয়া, মাদক ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়।