মামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্নের জবাব দিলেন সালমান মুক্তাদির

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬

মামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্নের জবাব দিলেন সালমান মুক্তাদির

লন্ডন বাংলা ডেস্ক ::

 

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রশ্নের জবাব দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তার দাবি, হামলার পরপরই তিনি ক্যান্টনমেন্ট থানায় গিয়ে মামলা করার চেষ্টা করেন। তবে তখন পুলিশ তার মামলা নেয়নি।

গতকাল শনিবার রাতে স্টুডিওতে হামলার ঘটনা নিয়ে আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ও কয়েকটি মন্তব্যের জবাব দিতে নিজের ফেসবুকের ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির।

 

এর আগে আজ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করলেও হামলার ঘটনায় থানায় মামলা করা হয়নি কেন? এর জবাবে সালমান মুক্তাদির বলেন, ‘হামলার পর তিনি ক্যান্টনমেন্ট থানায় যান এবং ভোর পর্যন্ত সেখানে অবস্থান করেন।’

ভিডিওতে তিনি বলেন, ‘আমি যে গতরাতে চারটা পর্যন্ত এতগুলো মানুষ নিয়ে আপনার থানাতে বসেছিলাম, ক্যান্টনমেন্ট থানায় গতরাতে চারটা পর্যন্ত বসে থেকে টায়ার্ড হয়ে বাসায় ফেরত আসলাম।’

 

সালমান মুক্তাদিরের ভাষ্য, সকালে তার ক্ষতিগ্রস্ত স্টুডিওর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে মন্তব্য করার পর রোববার দুপুরে পুলিশ তার মামলা নেয়।

 

এ বিষয়ে তিনি বলেন, ‘এর আগ পর্যন্ত মামলা আসলে কেন দায়ের করা হয়নি—এই প্রশ্নটা আপনার কাছে থাকার কথা, আমার, দেশবাসীরও।’

 

এর আগে ঢাকায় নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন সালমান মুক্তাদির। তবে তার এ অভিযোগকে ‘ঢালাও অভিযোগ’ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির ‘ঢালাও অভিযোগ’ তুলেছেন।’

Spread the love