সিলেট |
প্রকাশিত: 7:35 PM, January 30, 2024
লন্ডন বাংলা ডেস্কঃঃ
হবিগঞ্জে একদিনে দুই নারী ও একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারমরদেহগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের আছিয়া খাতুনের (৫০) রক্তাক্ত মরদেহ মাঠ থেকে উদ্ধার করা হয়। লাখাই উপজেলায় ফুল জাহান বেগম (৬২) নামের অপর এক নারীর লাশ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এছাড়া বানিয়াচং উপজেলায় একটি ব্রিজের নিচে আড়াই বছরের একটি অজ্ঞাতপরিচয় শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, আজ সকালে হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের পার্শ্ববর্তী খেলার মাঠে আছিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি তাৎক্ষণিত সদর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
তিনি বলেন, ‘ওই নারীর শরীরে বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে। নিহত আছিয়া খাতুন চানপুর গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে আব্দুল মজিদকে থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
এদিকে, লাখাই থানার ওসি আবুল খায়ের বলেন, ‘আজ দুপুরে জেলার লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের একটি পুকুর থেকে ফুল জাহান বেগম (৬২) নামের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তিনি জিরুন্ডা গ্রামের মৃত আলী আহমদের স্ত্রী। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে।
অপরদিকে, বানিয়াচং থানার ওসি মো. দোলোয়ার হোসাইন বলেন, ‘বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামের পশ্চিম ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় আড়াই বছরের অজ্ঞাতপরিচয় এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।’