সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা করেছে ‘বাংলাদেশ যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)’ সিলেট জেলা শাখা। শনিবার সকালে সিলেট নগরীর চৌহাট্টাস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
নাটাব, সিলেট জেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমরেন্দ্র দেব রায় প্রদীপের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, মুখ্য আলোচক ছিলেন সিলেট বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোছা. তামান্না বেগম। সভায় হীড বাংলাদেশ, সিলেটের গ্লোরিয়া মিলিতা জেমসসহ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় যক্ষ্মা রোগের বিভিন্ন দিক ওঠে আসে বক্তাদের আলোচনায়। তারা বলেন, একসময় যক্ষ্মা রোগের চিকিৎসায় জটিতলা ছিল। এ রোগ নিয়ে ছিল অনেক কুসংস্কার। কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে যক্ষ্মা এখন পূর্ণ মেয়াদের চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয়।
এই রোগের চিকিৎসা ও ওষুধও বিনামূল্যে দেওয়া হয়। যাদের এমডিআর যক্ষ্মা আছে, তাদেরকে বাড়িতে রেখে টানা ছয় মাস চিকিৎসা প্রদান করা হয়। তবে কারো যক্ষ্মা হলে সতর্ক ও সচেতন থাকতে হবে। কারণ, শিশুদের মধ্যেও যক্ষ্মার সংক্রমণ ঘটতে পারে।
বক্তারা আরও বলেন, আইনজীবীরা সমাজের সচেতন অংশ। তাদের মাধ্যমে যক্ষ্মা রোগের বিস্তার ঠেকানো ও এ বিষয়ে সচেতনতা বাড়ানো সম্ভব। এক্ষেত্রে তাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।