সিলেট ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ নির্দেশ দেন।
জানা গেছে, স্থানীয় এক সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশ দেন তিনি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ওসির বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে অভিযোগ দেন আলম নামের এক স্থানীয় সংবাদকর্মী।
ঘটনার বর্ণনায় তিনি থানায় আটক করে তাকে নির্যাতনের কথা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন। পরে তার অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোনকলের মাধ্যমে অভিযুক্ত ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন।
এ ছাড়া সাংবাদিকদের সত্য খবর প্রকাশের অনুরোধ জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘শুক্রবার আপনারা একটা সংবাদ দেখেছেন, যেখানে রাজশাহীগামী বাসে ডাকাতির সময় এক নারীকে ধর্ষণ করা হয়নি, তারপরও কিছু মিডিয়া সংবাদ প্রকাশ করেছে। এতে ওই নারী সমাজে সমস্যার সম্মুখীন হচ্ছেন।’
তিনি বলেন, ‘মাঝে মাঝে আপনাদের কিছু সাংবাদের কারণে সমাজে অস্থিরতা তৈরি হয়। আপনাদের অনুরোধ করছি সত্য খবর প্রকাশ করুন। আমি নিজেও একসময় সাংবাদিকতা করেছি। আমি একসময় মর্নিং নিউজে ছিলাম।’