সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের পথে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।হার্ট অ্যাটাকের পর থেকে গাজীপুরের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল সোমবার সফলভাবে তার হার্টে রিং পরানো হয়। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণের ৪৮ ঘণ্টা শেষ হওয়ার আগেই তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আজ মঙ্গলবার ইফতারের পর তামিম অ্যাম্বুলেন্সে করে কেপিজে হাসপাতাল ত্যাগ করেন।
কেপিজে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটের ইনচার্জ রাসেল হোসেন জানান, পারিবারিক সিদ্ধান্তেই তামিমকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানেও তিনি পর্যবেক্ষণে থাকবেন।
গতকাল বিকেলে বিকেএসপিতে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েন তামিম। এরপর তাকে দ্রুত কেপিজে হাসপাতালে নেওয়া হয়। এনজিওগ্রাম করার পর তার মূল আর্টারিতে শতভাগ ব্লক পাওয়া গেলে জরুরি ভিত্তিতে রিং পরানো হয়।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, তামিমকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে এবং এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও একদিন কেপিজে হাসপাতালে থাকার কথা থাকলেও, শেষ পর্যন্ত পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তার পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া নির্ধারণ করা হবে।