সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জুন ৩, ২০২৫
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে রুজিনা বেগম (১৯) নামের এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মান্নারগাও ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। রোজিনা বেগম ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, কিছুদিন আগে পরিবারের লোকজনের অগোচরে রাজধানী ঢাকার কোনো এক এলাকায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় রোজিনা। সম্প্রতি নিজ পিত্রালয়ে এসে স্বামীর ঘর করবেনা বলে পরিবারের লোকজনদের জানায় সে।
রোববার রাতের খাবার সেরে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে পড়ে রোজিনা। পরে রাত ২টার দিকে রোজিনার ভাই সমুজ আলী মাছ ধরে হাওর থেকে বাড়ি ফেরেন। এসময় তার বোন রোজিনাকে বসতঘরের বারান্দায় বাঁশের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে চিৎকার দেন তিনি। তার চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা এগিয়ে এসে এমন দৃশ্য দেখে থানায় খবর দেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।