সিলেট |
প্রকাশিত: 6:29 PM, August 26, 2025
লন্ডন বাংলা ডেস্ক::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে উত্তোলিত বালুর বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অভিযানে ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নির্দেশে অভিযানটি পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিবুল্লাহ আখন। অভিযানে তাকে সহায়তা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিবুল্লাহ আখন জানান, ‘মোবাইল কোর্ট পরিচালনার সময় সরকারি অনুমোদন ও ইজারা ছাড়াই বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু স্থানীয় তহশিলদারের হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তীতে সরকারি নিলামের মাধ্যমে তা বিক্রির ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, সরকারের অনুমোদন ছাড়া বালু উত্তোলন পরিবেশের জন্য ক্ষতিকর এবং এটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রমে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।