সিলেট |
প্রকাশিত: 5:38 PM, September 11, 2025
লন্ডন বাংলা ডেস্ক ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম. নাসের রহমান। বুধবার (১০ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলামও উপস্থিত ছিলেন।
প্রায় এক ঘণ্টা চলা বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, মৌলভীবাজার জেলা ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ড এবং তৃণমূল নেতাকর্মীদের সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ মনে করেন, আগামী নির্বাচনে বিএনপির সাফল্যের জন্য দলীয় ঐক্য ও মাঠ পর্যায়ের কর্মীদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।
মৌলভীবাজার বিএনপি বরাবরই জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। এম সাইফুর রহমানের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে নাসের রহমানকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা প্রবল। তারেক রহমানের সঙ্গে এ বৈঠককে অনেকেই মৌলভীবাজারের রাজনীতিতে বিএনপির সাংগঠনিক পুনরুত্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন।
বৈঠকের শেষ পর্যায়ে তারেক রহমান ও নাসের রহমান একসঙ্গে ফ্রেমবন্দি হন। দলীয় নেতাদের ভাষ্য, এই মুহূর্তে দলীয় ঐক্যের প্রতীক হিসেবে এ দৃশ্য কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা যোগাবে। তারা বিশ্বাস করেন, ঐক্যবদ্ধ নেতৃত্বই আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে জনআস্থার জায়গায় ফিরিয়ে আনবে।