সিলেট ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক::
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জড়িত ৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বড় ড্রেজার মেশিন ও ২টি বাল্কহেড জব্দ করা হয়েছে। জব্দকৃত ড্রেজার ও বাল্কহেডের দাম প্রায় ৬৩ লক্ষ টাকা।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলা অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।
কারাদণ্ডিতরা হলেন, চাটিবহর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে নাজিম উদ্দিন, চাটিবহর গ্রামের আফাজ উদ্দিন ও আলী আমজাদ, বুড়িডহর গ্রামের বতন মিয়া, বাহ্মণবাড়িয়ার রানা মিয়া, সুনামগঞ্জের রুবেল মিয়া, জামাল মিয়া এবং বরগুনা জেলার মো. সোহাগ।
জানা যায়, উপজেলার লিজ বহির্ভুত পিয়াইন নদীর লামলীগাঁও এবং শিমুলতলা আশ্রয়ন প্রকল্প এলাকায় দীর্ঘদিন থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বাল্কহেডের মাধ্যমে পরিবহন করে আসছে একটি চক্র। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এসময় উপজেলার পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জড়িত ৮জনকে কারাদণ্ড দেওয়া হয়। উপজেলার চাটিবহর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে নাজিম উদ্দিনের নেতৃত্বে বালু উত্তোলন করায় তাকে ১ বছরের কারাদণ্ড ও অন্য ৭জনকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এর সাথে যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে।’