সিলেটের ৬ আসনে ভোটার বেড়েছে দেড় লাখ, কোন আসনে কত

প্রকাশিত: 3:26 PM, September 12, 2025

সিলেটের ৬ আসনে ভোটার বেড়েছে দেড় লাখ, কোন আসনে কত

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেটে দেড় বছরে ভোটার বেড়েছে এক লাখ ৫৫ হাজার ৪৭০ জন। তার মধ্যে পুরুষ ৭০ হাজার ৭২ জন এবং নারী ৫৯ হাজার ৯৬১ জন।তৃতীয় লিঙ্গের ভোটার বেড়েছে পাঁচজন। তবে কমেছে ভোটগ্রহণ কক্ষের সংখ্যা।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় এ তথ্য পাওয়া গেছে।

 

 

খসড়া তালিকা অনুসারে সিলেটের ছয়টি আসনে মোট ভোটার ২৮ লাখ ৭০ হাজার ৮০১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৬২ হাজার ৪৭৭ জন এবং নারী ভোটার ১৩ লাখ ৮২ হাজার ৮৮৭। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৫ জন।

 

 

বুধবার (১০ সেপ্টেম্বর) তালিকাটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম।

 

তিনি জানান, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকার বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার যে কেউ আপত্তি বা দাবি জানাতে পারবেন। এরপর এটি নিয়ে শুনানি হবে। শুনানির পরে অক্টোবর মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর এটিই চূড়ান্ত তালিকা হিসেবে ত্রয়োদশ নির্বাচনের জন্য নির্ধারণ করা হবে।

 

 

তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বাস্তবায়ন হওয়ায় নতুন করে লক্ষাধিক ভোটার বেড়েছে। তাছাড়া প্রতিদিনই নির্বাচন অফিসে নতুন করে ভোটার নিবন্ধিত হয়েছেন। যে কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সিলেটে এখন পর্যন্ত দেড় লাখেরও বেশি ভোটার বেড়েছে।

 

 

খসড়া ভোটার তালিকায় প্রাপ্ত সিলেট-১ আসনে (সিটি করপোরেশন ও সদর) ভোটার বেড়েছে ৪০ হাজার ১৫০জন। বর্তমানে এই আসনে মোট ভোটার ছয় লাখ ৭৪ হাজার ১৭১জন। এরমধ্যে পুরুষ ভোটার তিন লাখ ৪৯ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার তিন লাখ ২৪ হাজার ৬৩৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার ছিল ছয় লাখ ৩৪ হাজার ২১ জন।

 

 

সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর) ভোটার বেড়েছে ২০ হাজার ৭ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার ছিল তিন লাখ ৪৪ হাজার ৭২৯ জন। বর্তমানে এই আসনে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৬৪ হাজার ৭৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৬ হাজার ১৮৭ জন ও নারী ভোটার এক লাখ ৭৮ হাজার ৬১২ জন। তবে এই আসনে কোনো তৃতীয় লিঙ্গের ভোটার নেই।

 

 

সিলেট-৩ (দক্ষিণসুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল তিন লাখ ৮৬ হাজার ৪১২ জন। খসড়া ভোটার তালিকা অনুসারে বর্তমানে এই আসনে মোট ভোটার চার লাখ ২৯ হাজার ৭৭৪ জন। সে হিসেবে ভোটার বেড়েছে ৪৩ হাজার ৩৬২ জন। এবার মোট ভোটারদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫ হাজার ৮৩৪ জন এবং নারী ভোটার এক লাখ ৯৮ হাজার ৫১৩ জন। এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

 

 

সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে ভোটার বেড়েছে ২৭ হাজার ৫৩১ জন। বর্তমানে এই আসনে মোট ভোটার পাঁচ লাখ ২ হাজার ৬৫২ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬১ হাজার ৬২ জন এবং নারী ভোটার দুই লাখ ৪১ হাজার ৫৮৯ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার একজন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার সংখ্যা ছিল চার লাখ ৭৫ হাজার ১২১ জন।

 

 

সবচেয়ে কম সংখ্যক ভোটার বেড়েছে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে। এই আসনে ভোটার বেড়েছে সাত হাজার ৬৫৭ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল চার লাখ ২ হাজার ২৯৯ জন। হালনাগাদ করার পর খসড়া ভোটার তালিকা অনুসারে বর্তমানে এই আসনে মোট ভোটার চার লাখ ৯ হাজার ৯৫৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১১ হাজার ৬৬৭ জন এবং নারী ভোটার এক লাখ ৯৮ হাজার ২৮৯ জন। এই আসনে তৃতীয় লিঙ্গের কোনো ভোটার নেই।

 

 

সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) ভোটার বেড়েছে ১৬ হাজার ৭০০জন। খসড়া ভোটার তালিকার প্রাপ্ত তথ্যমতে বর্তমানে এই আসনে মোট ভোটার রয়েছেন চার লাখ ৮৯ হাজার ৪৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৮ হাজার ২০৮ জন এবং নারী ভোটার দুই লাখ ৪১ হাজার ২৪১ জন। এই আসনেও তৃতীয় লিঙ্গের কোনো ভোটার নেই। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার সংখ্যা ছিল চার লাখ ৭২ হাজার ৭৪৯ জন।

 

এদিকে, ভোটার বাড়লেও সিলেটের ছয় সংসদীয় আসনে কমেছে ভোটগ্রহণ কক্ষের সংখ্যা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয় আসনে স্থায়ী ও অস্থায়ী ভোটগ্রহণ কক্ষের সংখ্যা ছিল ছয় হাজার ৬টি। খসড়া ভোটার তালিকায় ভোটগ্রহণ কক্ষের সংখ্যা রয়েছে পাঁচ হাজার ৬৪৫টি। সে হিসেবে ভোটগ্রহণ কক্ষের সংখ্যা কমেছে ৩৬১টি। অবশ্য কেন্দ্র সংখ্যা আগের মতোই রয়েছে। সিলেটের ছয়টি আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ১৩টি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30