সিলেট |
প্রকাশিত: 1:22 PM, September 22, 2025
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকায় র্যাব-পুলিশ পরিচয়ে চাঁদাদাবির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার রুচি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের গোলাপগঞ্জ থানার সুনামপুর রাগগড় এলাকার মৃত মস্তকিন আলীর ছেলে জয়নুল ইসলাম (৩৯) ও একই উপজেলার ভাদেশ্বর এলাকার মাহবুবুর রহমান উরফে জানু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৮)।
জানা গেছে, রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে সিলেটের গোলাপগঞ্জ থেকে সুহেল আহমদ ও তার বান্ধবী মুন্নি বেগম সিলেটে ঘুরতে আসেন। এসময় তারা নাস্তার জন্য সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার রুচি রেস্টুরেন্টে যান। তখন জয়নুল ইসলাম ও মিজানুর রহমান তাদেরকে ডেকে রেস্টুরেন্টের ভেতরে একটি কেবিনে নিয়ে যায়। তখন জয়নুল ও মিজানুর তাদেরকে র্যাব-পুলিশ পরিচয় দেন এবং সুহেল ও তার বান্ধবী মুন্নিকে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত রয়েছেন বলে জেরা শুরু করেন। তখন জয়নুল ও মিজানুর তাদেরকে র্যাব-পুলিশ ও মামলার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তখন সুহেল চাঁদা দিতে অপারগতা স্বীকার করলে তখন তারা সুহেলকে মারধর করে পকেটে থাকা নগদ আটশত টাকা হাতিয়ে নেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ৯৯৯ কল দিয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে গ্রেফতার করেন। পরবর্তীতে সুহেল বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৮।
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘র্যাব-পুলিশ পরিচয়ে চাঁদাদাবির অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আদালতে তোলা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।’