সিলেট |
প্রকাশিত: 7:00 PM, September 24, 2025
লন্ডন বাংলা ডেস্ক ::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জীববৈচিত্র্যে ভরপুর টাংগুয়ার হাওরে নিষিদ্ধ কারেন্ট জাল ও কোনা জাল দিয়ে মাছ ধরার অপরাধে ২৫ জন জেলেকে আটক করেছে প্রশাসন। একইসঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ১২ হাজার মিটার কারেন্ট জাল, ৪০০টি প্লাস্টিক চাই ও ৭টি মাছ ধরার নৌকা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর ও মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তারা। অভিযান পরিচালনায় সহায়তা করে পুলিশ, আনসার এবং গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যরা।
অভিযানে আটক ২৫ জেলের মধ্যে ২২ জনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বয়স বিবেচনায় ৩ জন কিশোরকে মুচলেকা গ্রহণ করে অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। অভিযান শেষে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক জানান,‘টাংগুয়ার হাওরের প্রাণ-প্রকৃতি রক্ষা ও মাছের প্রজনন নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।’
প্রসঙ্গত, টাংগুয়ার হাওর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি, যা বিভিন্ন প্রজাতির মাছ, পাখি ও উদ্ভিদের আবাসস্থল হিসেবে পরিচিত। বর্ষা ও প্রজনন মৌসুমে এই হাওরে অবৈধ মাছ শিকার হাওরের ইকোসিস্টেমের জন্য বড় হুমকি হিসেবে দেখা দেয়।