সিলেট |
প্রকাশিত: 6:24 PM, September 27, 2025
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি জব্দ করা হয়েছে। এ সময় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শাহপরাণ থানার অফিসার ইনচার্জ মনির হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) ঝন্টু কুমার দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ মুরাদপুর পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতীয় সুপারিসহ সোহেল আহমদ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি জৈন্তাপুর উপজেলার নিজপাক মজুমদার পাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে।
পুলিশ জানায়, অভিযানে ৪২ বস্তা ভারতীয় সুপারি জব্দ করা হয়েছে। প্রতিটি বস্তায় দুই হাজার পিস করে সুপারি থাকায় মোট আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে এক লাখ আটষট্টি হাজার টাকা। এছাড়া একটি ডিআই পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-১০৫৮) জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।