সিলেট ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হয়েছিলেন কুলাউড়ার এক দম্পতি। দেশে ফেরার সময় তারা বিএসএফ ক্যাম্পে ফেলে আসেন আড়াই ভরি স্বর্ণালংকারসহ একটি ব্যাগ। অবশেষে দীর্ঘ ছয় মাস পর বৃহস্পতিবার ফুলতলা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে সেই ব্যাগটি তাদের হাতে ফেরত দিয়েছে বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার উত্তর কুলাউড়ার বাসিন্দা বিষ্ণুপদ গোস্বামী (৫০) ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্য (৪৩) গত ২৭ এপ্রিল অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। ওই সময় বিএসএফের ১৭১ ব্যাটালিয়নের তারেকপুর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। পরদিন ২৮ এপ্রিল পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ দম্পতিকে বিজিবির কাছে হস্তান্তর করলে তারা নিজ বাড়িতে ফিরে যান।
তবে ভারতে অবস্থানকালে তারা বিএসএফ ক্যাম্পে একটি ব্যাগ ফেলে আসেন। পরে বিএসএফ ব্যাগটির বিষয়ে বিজিবিকে জানালে বিজিবি দম্পতির সঙ্গে যোগাযোগ করে মালিকানা নিশ্চিত করে।
এরপর বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলা বিওপি এবং বিএসএফ ৯৭ ব্যাটালিয়নের আওতাধীন ইয়াকুবনগর ক্যাম্পের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে আড়াই ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি বিজিবির উপস্থিতিতে বিষ্ণুপদ গোস্বামী ও মাধবী ভট্টাচার্যের হাতে তুলে দেয় বিএসএফ।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, বিএসএফ ক্যাম্পে ফেলে আসা আড়াই ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি পতাকা বৈঠকের মাধ্যমে সংশ্লিষ্ট দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে।