অনুমতি মেলেনি ভারতের, বুড়িমারীতে আটকা ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য

প্রকাশিত: 3:24 PM, November 30, 2025

অনুমতি মেলেনি ভারতের, বুড়িমারীতে আটকা ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য

লন্ডন বাংলা ডেস্ক ::

 

বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে ভুটানে ট্রানশিপমেন্ট পণ্য পাঠানোর ‘ট্রানজিট ক্লিয়ারেন্স’ দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ। ফলে থাইল্যান্ড থেকে জাহাজে আসা ভুটানের পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট পণ্যবাহী কনটেইনারটি লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে আটকে আছে।

তবে ভারত শেষ পর্যন্ত অনুমতি দেবে কি না- এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো দপ্তরই নিশ্চিতভাবে মন্তব্য করতে পারছে না।

 

 

সূত্র জানায়, থাইল্যান্ডের ব্যাংককের আবিত ট্রেডিং কোম্পানি লিমিটেড গত ৮ সেপ্টেম্বর ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবিত ট্রেডিংয়ের জন্য ফল, জুস, জেলি, শুকনো ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পুসহ ছয় ধরনের পণ্য কনটেইনারে পাঠায়। ল্যাম চ্যাবাং বন্দর থেকে রওনা দেওয়া চালানটি ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্রবন্দরে পৌঁছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২২ মার্চ বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হয়। এর এক বছর পর ২০২৪ সালের এপ্রিলে ভুটানে অনুষ্ঠিত দুই দেশের বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় বাংলাদেশের সমুদ্রবন্দর ও সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে পরীক্ষামূলকভাবে দুটি ট্রানশিপমেন্ট চালান পাঠানো হবে।

 

 

এই সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামে পৌঁছানো পণ্যের প্রথম কনটেইনারটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এনএম ট্রেডিং করপোরেশন ২৮ নভেম্বর বিকেল ৪টায় বুড়িমারী স্থলবন্দরে পাঠায়। পরবর্তীতে ২৮ ও ২৯ নভেম্বর বুড়িমারীর সিঅ্যান্ডএফ এজেন্ট বেনকো লিমিটেড একাধিকবার চেষ্টা করেও চালানটি ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে প্রবেশ করাতে ব্যর্থ হয়।

 

 

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বাংলাদেশ থেকে ভারতের সড়কপথ হয়ে ভুটানে এসব ট্রানশিপমেন্ট পণ্য পরিবহনের জন্য প্রয়োজনীয় অনুমোদন চ্যাংড়াবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ এখনো পায়নি। ফলে বুড়িমারী স্থলবন্দরের ইয়ার্ডেই গাড়িসহ কনটেইনারটি পড়ে আছে।

 

 

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সদস্য ও বেনকো লিমিটেডের মালিক ফারুক হোসেন বলেন, ‘চট্টগ্রাম থেকে আসা ভুটানের পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট চালান বর্তমানে বুড়িমারীতে রয়েছে। ভারত এখনো অনুমতি দেয়নি, তাই চালানটি পাঠানো যাচ্ছে না। অনুমতি মিললেই এটি পাঠানো হবে।’

 

 

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, বৃহস্পতিবার থেকেই কনটেইনারটি বন্দরের ইয়ার্ডে রাখা হয়েছে।

 

 

বুড়িমারী কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, ‘ভুটানের চালানের সব কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন। ভারতীয় কাস্টমস অনুমতি দিলেই আমরা পণ্যটি ভুটানের দিকে ছাড়তে পারব।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30