সপ্তাহের মধ্যেই নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বললেন ইসি সানাউল্লাহ চলতি

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫

সপ্তাহের মধ্যেই নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বললেন ইসি সানাউল্লাহ চলতি

লন্ডন বাংলা ডেস্ক ::

 

চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে কমিশনেরবৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

 

 

ইসি সানাউল্লাহ বলেন, ‘চলতি সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকাল চিঠি দেওয়া হবে।’

 

তিনি আরও বলেন, ‘আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। এরপর ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে। তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টা সময় দেয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘তফসিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ। এ ছাড়া উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই পদে বহাল থেকে ভোট করতে পারবেন না। আইন যাদের পারমিট করবে, তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন।’

 

 

নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়, শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। সোমবার (৮ ডিসেম্বর) থেকে ব্যালট ছাপানো হবে প্রবাসী ভোটারদের জন্য।’

 

 

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের তালিকা প্রস্তুত করেছে। এই তালিকায় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং সরকারি প্রতিষ্ঠান ও সরকারি ব্যাংকের কর্মকর্তারা যুক্ত থাকবেন। বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত রিজার্ভে রাখা হবে। আগের নির্বাচনগুলোর মতো সব কেন্দ্রে নির্বাচন সামগ্রী ও ব্যালট পেপার আগের রাতেই পৌঁছে যাবে।’

 

 

ইসি জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী।

 

 

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930