সিলেট ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
প্রায় দুই দশক পর পীর-আউলিয়ার পুণ্যভূমি সিলেট সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, সিলেটের জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। এরপর দুপুর ১টার দিকে তিনি সড়কপথে মৌলভীবাজার জেলার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর এলাকায় অবস্থিত আইনপুর প্লে গ্রাউন্ড মাঠে দ্বিতীয় জনসভায় যোগ দেবেন। এর আগের স্থান ছিল কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় খেলার মাঠ ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। এই দুটি ভেন্যু বাতিল করা হয়েছে। এই জনসভায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে পরিচয় করিয়ে দিবেন। পরে তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা কমপ্লেক্সের পাশে মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন।
মৌলভীবাজার জেলা বিএনপির প্রস্তুতি : তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে মৌলভীবাজার জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের অংশগ্রহণে একটি যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জনসভাকে সফল করতে সকলের মতামতের ভিত্তিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, মঞ্চ নির্মাণ, মাইকিং ব্যবস্থা, প্যান্ডেল স্থাপন, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা রক্ষাকারী দল গঠন, যানবাহন পার্কিং ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক সভা ও মাঠ পরিদর্শন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জনসভাকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
দীর্ঘ প্রায় ১৭ বছর পর মৌলভীবাজারে বিএনপির শীর্ষ নেতৃত্বের জনসভা অনুষ্ঠিত হতে যাওয়া নিয়ে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপি নেতারা আশা করছেন, এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।
জানতে চাইলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে মৌলভীবাজারে উনি আসতেছেন। সিলেট বিভাগের তিনটি জায়গায় জনসভা করবেন একটি সিলেট আলিয়া মাদরাসা মাঠে, আরেকটি আমাদের মৌলভীবাজার আইনপুর প্লে গ্রাউন্ডে, আরেকটি হবিগঞ্জ জেলার শায়েস্তা গঞ্জ উপজেলা কমপ্লেক্সের ভরাটকৃত স্থানে থানার অপোজিটে বিশাল মাঠে । আমাদের জন্য এটা বিরাট সুযোগ, উনাকে স্বাগত জানানোর। আগামী ২২ জানুয়ারি দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে ইনশাআল্লাহ উনি আইনপুর মাঠে আসবেন।”
তিনি আরও বলেন, “আমার নির্বাচনী এলাকার সকল বিএনপি সমর্থক ও শুভানুধ্যায়ীরা যেভাবে পারেন মাঠে আসবেন। আমরা সহযোগিতা করবো যানবাহন দিয়ে, যদিও সীমাবদ্ধতা আছে। বিশেষ করে সদর উপজেলার খলিলপুর, মনুমুখ ও আখাইলকুড়া ইউনিয়নের মানুষদের অনুরোধ হেঁটে আসুন, যাতে দুপুর ১টার মধ্যে মাঠ পরিপূর্ণ হয়। জেলা জুড়ে বাসে লোকও আসবেন। আমরা আশা করছি লক্ষাধিক মানুষ সমাগম হবে।”
উল্লেখ্য, অতীতে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান নিজ জেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এসেছিলেন। দীর্ঘদিন পর একই এলাকায় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে খলিলপুরের পাশাপাশি পার্শ্ববর্তী মনুমুখ ও আখাইলকুড়া ইউনিয়নের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন বলেন, “আমরা মৌলভীবাজার জেলা বিএনপি পরিবার অত্যন্ত আনন্দিত। জেলা, অঙ্গ সংগঠন ও চারটি আসনের প্রার্থীদের নিয়ে যৌথ সভা করেছি। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ আমরা আইনপুর মাঠ পরিদর্শন করেছি। ইনশাআল্লাহ, আমাদের নেতাকে বরণ করার জন্য স্থানীয় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এখানে একটি স্মরণকালের জনসভা হবে।”
মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, “আইনপুর মাঠ আমাদের নিজের এলাকা। খলিলপুর, মনুমুখ ও আখাইলকুড়ার একটি অংশ। অতীতে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে এসেছেন। এবার আমাদের চেয়ারম্যান সাহেবকে নিজের এলাকায় পাচ্ছি, এটি আমাদের জন্য সৌভাগ্যের।”
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||