প্রতিনিধি / সুনামগঞ্জ ::
নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সুনামগঞ্জ জেলায় ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। জেলার ১০টি উপজেলায় এই বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
বুধবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সদর দপ্তরে নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। এতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই বিজিবির দায়িত্ব পালন করা হবে।
লে. কর্নেল এ কে এম জাকারিয়া আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার প্রায় ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। যাতে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ কোনো ধরনের সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে কাজ করছে।
তিনি জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ ব্যাটালিয়ন পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে।
বিজিবি অধিনায়ক বলেন, সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনের (সুনামগঞ্জ-১, ২, ৩ ও ৪) অন্তর্ভুক্ত ১০টি উপজেলায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন নির্বাচনী দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী ৩টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী আরও একটি উপজেলা এবং অন্যান্য ছয়টি উপজেলায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
তিনি আরও জানান, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রতিটি বিজিবি সদস্যকে ইতোমধ্যে রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং প্রয়োজনীয় মহড়া সম্পন্ন করা হয়েছে। ফলে বিজিবির সদস্যরা প্রয়োজনীয় সরঞ্জামসহ নির্বাচনী দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত ও আত্মবিশ্বাসী।