সিলেট |
প্রকাশিত: 8:10 PM, March 1, 2026
প্রতিনিধি / বালাগঞ্জ ::
মোবাইল ফোন নিখোঁজের জেরে সিলেটের বালাগঞ্জে ইসমাইল আলী (২৪) নামের এক যুবক প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন।নিহত যুবক বালাগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের কাজীপুর গ্রামের কাপ্তান মিয়ার পুত্র।
২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বোয়ালজুড় বাজারে এ খুনের ঘটনাটি ঘটে। থানা পুলিশ নিহত ইসমাইল আলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
সুরতহাল রিপোর্ট প্রস্তুতকালে তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে। ইসমাইল বিএনপির সহযোগী সংগঠনের কর্মী দাবি করে তার স্বজনরা বলছেন, সে খুবই শান্ত, ভদ্র ও নম্র স্বভাবের ছিল।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নিহত ইসমাইলের বড় ভাই মামুনের বোয়ালজুড় বাজারে ক্ষুদ্র ব্যবসা রয়েছে। বাজার সংলঘ্ন তাদের বাড়ি। কাজীপুর গ্রামের ছাত্রদল কর্মী হাসানের সাথে মামুনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। হাসান উপজেলা বিএনপি নেতা সিরাজুম্মানের ছেলে।
গত বৃহস্পতিবারে মামুনের দোকানে যায় হাসান। দোকানে থাকা মামুনের চার্জার দিয়ে হাসান তার মোবাইল চার্জে লাগায়। চার্জে থাকাবস্থায় হাসানের মোবাইল লাপাত্তা হয়ে যায়। হাসানের সন্দেহ হয় চুরির উদ্দেশ্যে তার মোবাইল মামুন সরিয়ে ফেলেছেন। এনিয়ে মামুন ও হাসানের মধ্যে বাকবিতন্ডা হয়।এর জের ধরে ওই দিনই মামুনসহ তার ভাইয়েরা হাসানকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনাটি জানাজানি হলে আপোষ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। এলক্ষ্যে শুক্রবার রাতে তারাবির নামাজ শেষে বোয়ালজুড় বাজার পরিচালনা কমিটি ও বিএনপির নেতৃবৃন্দ বৈঠকে বসেন। এর মধ্যে শুক্রবার সকাল থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান ছিল। রাত সাড়ে ১১টার দিকে উভয় পক্ষর লোকজনের মধ্যে মারামারি সংঘটিত হয়। এসমসয় মামুনের ভাই ইসমাইল গুরুতর আহত হন তাকে উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালজুর বাজার কমিটির নেতৃবৃন্দ বলছেন, দুই পক্ষ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকলেও এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এই বাজারে যা-ই ঘটেছে, তা বাজারের সব সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই আসল ঘটনা বেরিয়ে আসবে।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।