সিলেট ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে আটকেপড়া বাংলাদেশিরা ফিরে আসতে চাইলে সরকার বিশেষ ব্যবস্থায় তাদের দেশে আনার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আজ শুক্রবার সকালে সৌদি আরবে নিহত মোশাররফ হোসেনের মরদেহ হস্তান্তর করার সময় তিনি এ তথ্য জানান। এ সময় তার সঙ্গে ছিলেনপ্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এর আগে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মোশারফের মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এসভি ৮০৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধান কাজ প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে রাখা। তার জন্য যা যা করা প্রয়োজন সব করা হচ্ছে।’
তিনি বলেন, ‘প্রবাসী যারা থাকতে চায় তাদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছি। আর যারা দেশে আসতে পারবে তাদের সরকারি খরচে আনার ব্যবস্থা করা হচ্ছে।’
এ সময় প্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নিহত মোশাররফসহ এ পর্যন্ত মারা যাওয়া পাঁচ বাংলাদেশির পরিবারের পুনর্বাসন সহযোগিতাসহ সন্তানদের দায়িত্ব নেবে সরকার।
এ ছাড়া আটকেপড়াদের সম্ভাব্য সব ধরনের সহায়তা এবং চাকরি হারানো প্রবাসীদের বিশেষভাবে তদারকি করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী।
প্রসঙ্গত, গত ৮ মার্চ সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মোশারফ নিহত হন। ইফতারের ঠিক আগমুহূর্তে চালানো ওই হামলায় মোশারফসহ মোট তিনজন প্রাণ হারান।