সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিগত আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে কথা বলার যোগ্যতা সম্পন্ন নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, নয়াপল্টন কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনের ফরম বিতরণ শুরু হয়েছে। চলবে আগামী রোববার (১২ এপ্রিল) পর্যন্ত। ফরম নিতে ২ হাজার টাকা এবং জামানত হিসেবে ৫০ হাজার টাকা নেওয়া হবে।
দেশের বিভিন্ন এলাকা থেকে মনোনয়ন প্রত্যাশীরা এসেছেন জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘মনোনয়নের বিষয়টি দলের পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নেবে। যারা গত ১৬-১৭ বছর নিপীড়ন ও নির্যাতনের স্বীকার হয়েছেন, তাদের প্রত্যাশা থাকবে। বিগত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে কথা বলার যোগ্যতাসহ অন্যান্য যোগ্যতাও বিবেচনায় রাখা হবে।’
কেন্দ্রীয়ভাবে মনোনয়ন প্রত্যাশীদের দলীয় শৃঙ্খলা মানার অনুরোধ জানিয়ে রিজভী বলেন, ‘সংসদের প্রাণবন্ত আলোচনা চালু রাখতে হবে। এটাই গণতন্ত্রের আসল শক্তি।’
আগামী ১২ মে ভোটের দিন নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||