সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট মোকাবিলায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। এই কমিটিতে স্থান পেয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার (১৩ এপ্রিল) এটি মন্ত্রিপরিষদ বিভাগে ওয়েবসাইটে প্রকাশিত হয়।
৬ সদস্যের উচ্চপর্যায়ের ওই কমিটিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিও এবং অর্থ, বিদ্যুৎ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের নিমিত্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, নবগঠিত এ কমিটি চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে বিস্তারিত পর্যালোচনাপূর্বক মন্ত্রিসভা বৈঠকের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়ন করবে।
এ ক্ষেত্রে কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। এ ছাড়া কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে এবং বিদ্যুৎ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।