গুচ্ছের এ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩০ শতাংশ

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৬

গুচ্ছের এ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩০ শতাংশ

লন্ডন বাংলা ডেস্ক ::

 

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশ।

আজ বুধবার সকালে ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মনজুরুল হক এ তথ্য জানিয়েছেন।

 

প্রকাশিত ফলের পরিসংখ্যান অনুযায়ী, এ ইউনিটে মোট ১ লাখ ৬৬ হাজার ১৬২ শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭৫ দশমিক ৩৫ শতাংশ (১ লাখ ২৫ হাজার ৯৩৮ জন) শিক্ষার্থী।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে পাস নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৩০ শতাংশ (৩৮ হাজার ৮৮ জন) শিক্ষার্থী। অপর দিকে ৩০ নম্বরের নিচে পেয়ে অকৃতকার্য হয়েছেন ৬৯ দশমিক ৫০ শতাংশ (৮৭ হাজার ৭৪০ জন) শিক্ষার্থী। এ ছাড়া বিভিন্ন কারণে (বহিষ্কার, রোল, সেট ও শনাক্তকরণ ত্রুটি) ১১০ জনের ফল বাতিল করা হয়েছে।

 

ফলে দেখা যায়, সর্বোচ্চ ৮৭ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন ঢাকার মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী তৌকির সিদ্দিকী ইশতি। এ ছাড়া এ বছর সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ১৪ দশমিক ২৫।

 

অন্যদিকে এ ইউনিটের আর্কিটেকচার বিষয়ের ফলেও দেখা গেছে তুলনামূলক কম পাসের হার। এ বিভাগে মোট ৩ হাজার ৫৬১ শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৫৪৬ (৪২ দশমিক ৯০ শতাংশ) শিক্ষার্থী।

 

আর্কিটেকচারে অংশগ্রহণকারীদের মধ্যে পাস করেছেন মাত্র ৯ শতাংশ (১৪০ জন) শিক্ষার্থী। বিপরীতে ৩০ নম্বরের নিচে পেয়ে অকৃতকার্য হয়েছেন ৯০ দশমিক ৫০ শতাংশ (১ হাজার ৪০৫ জন) শিক্ষার্থী। এ ছাড়া এক পরীক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে। আর্কিটেকচার পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৫০ (রোল: ১৪৪০৮৬) এবং সর্বনিম্ন নম্বর শূন্য।

 

যেভাবে দেখবেন ফল

প্রথমে গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর সাইন ইন পেজে গিয়ে নিজের পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

 

লগইন হলে ড্যাশবোর্ডে থাকা ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করলেই দেখা যাবে ফলাফল। এরপর ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে। এ ছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।

Spread the love

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930