সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬
প্রতিনিধি / ওসমানীনগর ::
ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় সিলেটের ওসমানীনগর উপজেলার ইলাশপুর, দুনিয়ার বন্দ ও বরায়া মৌজায় ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে মূল্য নির্ধারণে চরম বৈষম্যের অভিযোগ উঠেছে। ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার তাজপুর বাজারে বনফুলের সম্মুখে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী ভূমি মালিকরা অংশ নেন। এসময় তারা অভিযোগ করে বলেন, চলমান ৬ লেন মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য যেসব মালিকানাধীন ভূমি অধিগ্রহণের প্রক্রিয়ায় রয়েছে, সেসব জমির মূল্য অস্বাভাবিকভাবে কম নির্ধারণ করা হয়েছে, যা বর্তমান বাজারদরের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।
তাদের বক্তব্যে উল্লেখ করেন, ওসমানীনগরের গোয়ালাবাজার ও তাজপুর বাজার এলাকায় ভূমির প্রকৃত মূল্য অত্যন্ত উচ্চ হলেও অধিগ্রহণযোগ্য জমির প্রতি শতক মাত্র ১ লাখ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে তারা অবগত হয়েছেন। তাদের দাবি, এই মূল্য নির্ধারণ বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয় এবং এটি ভূমি মালিকদের সঙ্গে চরম অবিচারের শামিল।
তারা আরও বলেন, গোয়ালাবাজার ও তাজপুরের মতো বাণিজ্যিক গুরুত্বপূর্ণ এলাকায় দোকানঘর বা বাণিজ্যিক প্লটের মূল্য আকাশচুম্বী। কোথাও কোথাও প্রতি শতক জমির মূল্য কোটি টাকায় পৌছালেও বিক্রির আগ্রহ দেখা যায় না। সেখানে অধিগ্রহণকৃত জমির এমন অযৌক্তিক মূল্য নির্ধারণে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন তারা। ভূমি মালিকদের তথ্যমতে, ওসমানীনগর সাব-রেজিস্ট্রার অফিসের সর্বশেষ এসেসমেন্ট অনুযায়ী তাজপুর ইউনিয়নের দুলিয়ারবন্দ মৌজায় প্রতি শতক দোকানভিটার মূল্য ১৮ লাখ ৬৫ হাজার টাকা, বরায়া মৌজায় ৮ লাখ ৭৪ হাজার ৭৭০ টাকা এবং গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা মৌজায় সর্বনিম্ন মূল্য ১৮ লাখ টাকার অধিক নির্ধারিত রয়েছে। অথচ এসব জমির মূল্য কীভাবে মাত্র ১ লাখ ১০ হাজার টাকা নির্ধারণ করা হলো সে প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে বাস্তবসম্মত ও ন্যায্য মূল্য নির্ধারণ করে ক্ষতিপূরণ পরিশোধ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে ভূমি উপদেষ্টা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকল মহলের হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যতায় কঠোর আন্দোলনে নামার হুশিয়ারি দেন ভুক্তভোগী ভূমি মালিক রা। মানববন্ধন কর্মসূচির পূর্বে উপজেলা তাজপুর সাব-রেজিস্ট্রার বরাবরে লিখিত আবেদন জমা দেওয়া হয় এবং কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী ভূমি মালিকরা। বিশিষ্ট ব্যবসায়ী হাজী ময়না মিয়ার সভাপতিত্বে এবং সমাজসেবী জাহেদ আহমদের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ফারুক জাহাঙ্গীর, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ খালিছ মিনার, হাজী শায়েক আহমদ, আলা হোসেন, সিরাজুল ইসলাম, কাজী আব্দুল সালাম, শাহ মোনায়েম, জুবায়ের আহমদ মজনু, সোহেল আহমদ, জুবায়ের আহমদ, মামুন ইসলাম, তাজ উল্লাহ, ফরিদুজ্জামানসহ ভুক্তভোগী অসংখ্য ভূমি মালিক।