হজ ফ্লাইট শুরু শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

হজ ফ্লাইট শুরু শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

চলতি বছর পবিত্র হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। ৪১৯ হজযাত্রী নিয়ে এ দিন রাত ১২টা ২০ মিনিটে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা হবে।

আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজের উদ্বোধনী ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। এদিন মোট ১৪টি ফ্লাইট রয়েছে। এর মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চারটি সৌদি আরবের সাউদিয়া ও চারটি ফ্লাইনাস পরিবহন করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের জন্য যাবেন।

 

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ হবে ১ জুলাই।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930