সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
প্রধানমন্ত্রী তারেক রহমাকে নিয়ে বাজে মন্তব্য করায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বাসার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদল বিক্ষুব্ধ লোক রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত তার তার বাসার সামনে অবস্থান নিয়েছে।এ সময় উসকানিমূলক আচরণের অভিযোগে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে মোহাম্মদপুরে রাশেদ প্রধানের বাসার সামনে অবস্থান নেন বিক্ষুব্ধরা।
স্থানীয় সূত্র জানায়, তার মন্তব্যের প্রতিবাদে লোকজন জড়ো হলে পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয় এবং তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, উত্তেজনার একপর্যায়ে রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) জনি নন্দী উসকানিমূলক আচরণ করলে তাকে মোহাম্মদপুর থানা পুলিশ হেফাজতে নেয়।জনি নন্দী বর্তমানে থানায় রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করতে গিয়ে বাজে মন্তব্য করেন রাশেদ প্রধান। এ নিয়ে বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমালোচনার ঝড় বইছে। রাজনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে এই মন্তব্যের জন্য রাশেদ প্রধানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছেন অনেকে।