সিলেটে বিদ্যুৎ সংকট, বিপাকে ১২ লাখ গ্রাহক

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬

সিলেটে বিদ্যুৎ সংকট, বিপাকে ১২ লাখ গ্রাহক

লন্ডন বাংলা ডেস্ক ::

 

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে টান পড়েছে দেশের বিদ্যুৎ উৎপাদনেও। প্রতিদিন সিলেট মহানগর এলাকায় অনেকবার বিদ্যুৎ যাতায়াত করছে। একবার গেলে মোটামুটি লম্বা বিরতি নিয়ে ফিরছে। আর গ্রামাঞ্চলের খবরতো আরও ভয়াবহ। প্রায় প্রতিদিনই বিভিন্ন উপজেলা থেকে খবর আসছে, বিদ্যুতের যন্ত্রণায় জনজীবন অতিষ্ঠ।

 

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর আওতায় মোট বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ১২ লাখ ২০ হাজার। অসহনীয় যন্ত্রণায় ভোগছেন সব গ্রাহক ও তাদের পরিবারের সদস্যরা। সহসা এই দুরবস্থার অবসান হতে পারে, তেমন কোনো উপায়ও দেখছেন না কেউ।

 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আলাপকালে জানা গেছে, যুদ্ধের প্রভাবে জ্বালানী সংকট, এবং সেকারণে উৎপাদন কমেছে। তাই সরবরাহও কম। যা সরবরাহ হচ্ছে তা তরা সঠিকভাবেই বিতরণ করছেন।

 

গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় সারাদিন বিদ্যুৎ বলতে গেলে আসা-যাওয়ার মধ্যেই ছিল। নগরীর ইলেক্ট্রিসাপ্লাইয়ের মতো এলাকায় দুপুরের দিকে অন্তত তিন থেকে ৪ বার বিদ্যুৎ গেছে। আর ফিরেছে কমপক্ষে প্রতিবার প্রায় ঘন্টাখানেক বিরতি দিয়ে। শুক্রবার ছুটির দিনে এই প্রবণতা কিছুটা কম থাকলেও অবস্থার উন্নতি হয়েছে, তেমনটা বলা যায়না।

 

পিডিবি সিলেটের প্রধান প্রকৌশলী মো. ইমাম হোসেন জানান, বৃহস্পতিবার পিক আওয়ারে তাদের চাহিদা ছিল ২২৫ মেঘাওয়াট। কিন্তু সরবরাহ ছিল ১৮৫ মেগাওয়াট। ঘাটতি ছিল ৪০ মেগাওয়াট।

এর কারণ জানতে চাইলে তিনি সুনির্দিষ্ট করে না বললেও বলেছেন, আমরা সবাই জানি মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। তার প্রভাবে জ্বালানী সংকটে উৎপাদন কমছে- সবার মতো আমিও তাই মনে করছি।

 

সহকারী প্রকৌশলী জারজিসুর রহমান জানান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ মিলে পিডিবির গ্রাহক সংখ্যা ৫ লাখ ৬৫ হাজার। পিক আওয়ারে (সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত) সর্বোচ্চ চাহিদা থাকে ২৩০ মেগাওয়াট। লোডশেডিং না থাকলে সম্পূর্ণ সাপ্লাই পাওয়া যায়। আর থাকলে সরবরাহ হয় ১৪০ থেকে ১৮০ মেগাওয়াট।

 

আবার সিলেট জেলা ও মহানগর মিলিয়ে পিডিবির গ্রাহক সংখ্যা প্রায় আড়াই লাখ। পিক আওয়ারে চাহিদা থাকে ১৬০ মেগাওয়াট। লোডশেডিং থাকলে সরবরা হয় ১০০ মেগাওয়াট আর না থাকলে বড়জোর ১২০ মেগাওয়াট।

 

গ্রামাঞ্চলের অবস্থা আরও খারাপ। প্রায়ই বিভিন্ন উপজেলা থেকে খবর আসছে, বিদ্যুৎ বলতে গেলে সারাদিন থাকেই না। সিলেট পল্লী বিদ্যুতের দুই সমিতির কর্মকর্তাদের সাথে কথা বলে ধারনা পাওয়া গেছে, বর্তমানে চাহিদার তুলনায় সরবরাহ প্রায় অর্ধেক।

 

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (চ.দা) মো. আব্দুর রশীদ জানান, তাদের গ্রাহক ৪ লাখ ২০ হাজার। পিক আওয়ারে তাদের চাহিদা ১০৫ মেগাওয়াট। আর সরবরাহ ৭৩ মেগাওয়াটের মতো। মানে ঘাটতি ৩২ মেগাওয়াট।

 

ঘাটতি খুব বেশী নয়। তবু প্রায়ই বিদ্যুতের আসা যাওয়া আর সারাদিন থাকা না থাকা নিয়ে গ্রাহদের অভিযোগ কেন- এই  প্রশ্নের জবাব দেন নি তিনি।

 

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অবস্থা আরও খারাপ। জেনারেল ম্যানেজার মো. রবিউল হক জানান, তাদের গ্রাহক সংখ্যা ২ লাখ ৩৫ হাজার। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পিক আওয়ারে তাদের সর্বোচ্চ চাহিদা থাকে ৪৫ থেকে ৫০ মেগাওয়াট। আর সরবরাহ হচ্ছে মাত্র ১৮ থেকে ২৫ মেগাওয়াট।

 

উৎপাদন ও সরবরাহে যুদ্ধের প্রভাব পড়েছে কি না, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হন নি।

Spread the love