সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
নেপালের পাহাড়ি পথে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্রেইল রেইস ১০০-এ ৫০ কিলোমিটার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশি হিসেবে রেইস সম্পন্ন করে ইতিহাস গড়েছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আমির উদ্দিন।
সম্প্রতি নেপালের মনোমুগ্ধকর কিন্তু চ্যালেঞ্জিং অন্নপূর্ণা অঞ্চলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের দৌড়বিদরা অংশ নেন। প্রতিকূল আবহাওয়া, খাড়া পাহাড়ি পথের মাঝে দীর্ঘ দূরত্ব অতিক্রম করে আমির উদ্দিন অসাধারণ সাহসিকতা ও মানসিক দৃঢ়তার পরিচয় দেন।
৫০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নিয়ে তিনি নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে রেইস সম্পন্ন করেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রথম ফিনিশার হওয়ার গৌরব অর্জন করেন। পুরো রেইস সম্পন্ন করতে তার সময় লেগেছে ১৩ ঘণ্টা ২৩ মিনিট ৩৫ সেকেন্ড।
স্থানীয়রা জানান, আমির উদ্দিন সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নিজের চেষ্টায় দৌড়ানোর দক্ষতা গড়ে তুলেছেন। পাহাড়ি ট্রেইল রানের মতো কঠিন ইভেন্টে অংশগ্রহণ করে এ ধরনের সাফল্য অর্জন নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক।
ট্রেইল রানার সাইফুল ইসলাম বলেন, ‘আমির ভাই আমাদের জন্য অনুপ্রেরণা। পাহাড়ি ট্রেইল রেইস অনেক কঠিন। সেখানে বাংলাদেশের হয়ে প্রথম ফিনিশার হওয়া সত্যিই অসাধারণ অর্জন।’
বিষয়টি নিয়ে আমির উদ্দিন বলেন, ‘এই অর্জন শুধু আমার নয়, পুরো বাংলাদেশের। দেশের পতাকা বুকে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে দৌড়াতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় দেশের জন্য ভালো কিছু করতে চাই।’
এদিকে তার এই সাফল্যে বানিয়াচংসহ পুরো হবিগঞ্জ জেলায় আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে আমির উদ্দিন ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনবেন দেশের জন্য।