সিলেট ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মে ২১, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
নগরায়নের চ্যালেঞ্জ মোকাবিলা, সাশ্রয়ী আবাসন নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থা গড়ে তুলতে জাতিসংঘের আবাসন ও নগর উন্নয়নবিষয়ক সংস্থা জাতিসংঘ মানব বসতি’র সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বাংলাদেশ প্রতিনিধি দল। বৈঠকে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।
বুধবার বাকুতে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মোসা. ফেরদৌসী বেগম। প্রতিনিধি দলে আরও ছিলেন মোহাম্মদ আবদুল আওয়াল এবং মো. আশরাফুল ইসলাম।
জাতিসংঘ মানব বসতি এর পক্ষে বৈঠকে অংশ নেন সংস্থাটির নির্বাহী পরিচালক অ্যানক্লাউদিয়া রসবখ (Anacláudia Rossbach), আঞ্চলিক পরিচালক কাজুকো ইশিগাকি (Kazuko Ishigaki), ব্যাংকক মাল্টি-কান্ট্রি প্রোগ্রাম অফিসের প্রধান শ্রীনিবাস পপুরি Srinivasa Popuri এবং বাংলাদেশ কান্ট্রি অফিসের ইন-কান্ট্রি ফোকাল পয়েন্ট ফারিবা আলম Fariba Alam।
বৈঠকে বাংলাদেশের দ্রুত নগরায়ন, সাশ্রয়ী আবাসন, বস্তি উন্নয়ন ও পুনর্বাসন, স্থানিক পরিকল্পনা আইন বাস্তবায়ন, জেন্ডার-সংবেদনশীল গণপরিসর নকশা এবং অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই নগর অবকাঠামো উন্নয়নেও গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ প্রতিনিধি দল বৈঠকে সরকারের চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরে। এর মধ্যে ছিল সাশ্রয়ী ও জলবায়ু সহনশীল আবাসন নির্মাণ, কমিউনিটি অংশগ্রহণভিত্তিক উন্নয়ন, নারী ও প্রতিবন্ধীবান্ধব নগর অবকাঠামো, সবুজ নগরায়ন এবং নগর সেবার সম্প্রসারণ।
এ সময় আবাসন নীতি উন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রম এবং নগর পরিকল্পনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে জাতিসংঘ মানব বসতির সহযোগিতা কামনা করে বাংলাদেশ।
জবাবে জাতিসংঘ মানব বসতির কর্মকর্তারা বাংলাদেশের নগর উন্নয়ন ও জলবায়ু সহনশীল উদ্যোগের প্রশংসা করেন। তারা ভবিষ্যতে কারিগরি সহযোগিতা, জ্ঞান বিনিময়, গবেষণা এবং পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে সহায়তার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকের শেষে উভয় পক্ষ টেকসই, মানুষকেন্দ্রিক ও জলবায়ু সহনশীল নগর ব্যবস্থা গড়ে তুলতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করে।