গহরপুর ওয়েল ফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের মানবিক উদ্যোগ

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬

গহরপুর ওয়েল ফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের মানবিক উদ্যোগ

প্রতিনিধি  / বালাগঞ্জ ::

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে প্রবাসীদের সংগঠন “গহরপুর ওয়েল ফেয়ার সোসাইটি ইন ফ্রান্স”। সংগঠনটির উদ্যোগে প্রায় ১২৬টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। একইসঙ্গে ফ্রান্স প্রবাসী সমাজসেবক সেলিম আহমদের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

শনিবার (২৩ মে) বিকেলে বালাগঞ্জ উপজেলার মোরার বাজারে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের প্রথম পর্বে মরহুম সেলিম আহমদের আত্মার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় পর্বে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তজমুল আলী মুহরীর। সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি সচল রাখা ও সমাজ উন্নয়নের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও প্রবাসীরা অনন্য অবদান রেখে চলেছেন। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য ও সংকটময় সময়ে প্রবাসীদের সহমর্মিতা সমাজে আশার আলো জাগায়। “গহরপুর ওয়েল ফেয়ার সোসাইটি ইন ফ্রান্স” দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা প্রশংসার দাবিদার।

 

বক্তারা আরও বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে সংগঠনটির এই উদ্যোগ নিঃসন্দেহে মহতী ও অনুকরণীয়। তারা সংগঠনের সদস্য ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

সাংবাদিক জিল্লুর রহমান জিলুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বিশিষ্ট আইনজীবী জুয়েল আহমদ, আল-ফালাহ একাডেমির শিশু সদন বিভাগের সুপার হাফিজ কুতুবউদ্দিন আহমদ, ইউপি সদস্য বাবরু মিয়া, শামিম আহমদ, সমাজকর্মী আব্দুল জলিল, মোহাম্মদ আলী, আব্দুল হাকিম লাভলু, সুলতান আহমদ, জাহিদ হাসান, নজরুল ইসলাম, সিতাব আলী, আফজল খাঁন, হাবিবুর রহমান, মাহদি আহমদ, মারুপ আহমদ, কামরুল আহমদ, লিটন আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Spread the love