মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে আলোচনা সভা

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬

মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে আলোচনা সভা

প্রতিনিধি / মোরেলগঞ্জ ::

 

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে “নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন ২০২৬) সকাল ১১টায় মোরেলগঞ্জ উপজেলার রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজের সভাকক্ষে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) মোরেলগঞ্জ-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

 

সভাটি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন। সভা পরিচালনা করেন নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর সমন্বয়কারী ও পৌর মহিলা দলের সভাপতি মুক্তা খানম মাহমুদা।

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর সহ-সমন্বয়কারী ও সাংবাদিক শেফালী আক্তার রাখি, পিএফজি সদস্য কলি আক্তার, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ আল নাইম, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্য জান্নাতি আক্তার মিম, ইসরাত জাহান তৈয়বা, স্থানীয় নারী উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

 

 

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা কেবল একটি ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়; এটি সমাজের সামগ্রিক উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার পথে অন্যতম বড় বাধা। সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

তারা আরও বলেন, নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হলে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়, বরং আইনের কার্যকর প্রয়োগ, সামাজিক জবাবদিহিতা এবং জনসচেতনতা বৃদ্ধিও সমানভাবে প্রয়োজন। যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো সময়ের দাবি।

 

আলোচনায় অংশগ্রহণকারীরা একটি মানবিক, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনে নারী-পুরুষ নির্বিশেষে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, নীরবতা কখনো সমস্যার সমাধান নয়; বরং সচেতনতা, সহমর্মিতা এবং সম্মিলিত সামাজিক উদ্যোগই সহিংসতা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

 

সভাপতির বক্তব্যে সাবিনা ইয়াসমিন বলেন, “নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে সামাজিক আন্দোলন, গণসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

সভায় বক্তারা নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরে বলেন, নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে সম্মিলিতভাবে কাজ করাই এ প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য।

 

আলোচনা সভাটি অংশগ্রহণকারীদের মধ্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং একটি সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনের প্রত্যয়কে আরও সুদৃঢ় করেছে।

 

সভাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস (MIPS) প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।

Spread the love

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930