জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লন্ডন বাংলা ডেস্ক ::

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলছেন জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার না হলে নির্বাচন, সংসদ ও সরকার সবই অবৈধ।

আজ শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সারজিস আলম বলেন, ‘কয়েকটি বিষয়ে অঙ্গীকার প্রদানের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর অন্যতম একটি হলো জুলাই সনদ বাস্তবায়ন।’

সারজিস আলম আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে দুইবার তেলের দাম বাড়িয়েছে, ৪ বার গ্যাসের দাম এবং দুইবার বিদ্যুৎতের দাম বাড়িয়েছে। অবৈধ চাঁদাবাজি, খুন, সন্ত্রাসী কর্মকাণ্ড, দমন করতে পারে নি। বাংলাদেশে ক্ষমতায় থাকতে হলে জনবান্ধব সরকার হতে হবে। তা না হলে জনগণ আপনাদের প্রতিহত করবে।’

 

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার না হলে আরেকটা গণঅভ্যুত্থান হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে এনসিপির সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা এমন একটি নির্বাচন চেয়েছিলাম, যেই নির্বাচনে একটি নতুন বাংলাদেশ পাবো। যে নির্বাচনে কোন চাঁদাবাজ সংসদে যাবে না। কিন্তু কোন লাভ হল না। বিএনপি ইঞ্জিনিয়ারিং ইলেকশন করে ক্ষমতায় আসলো। সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করছে। আমরা এমন দেশ চাইনি।’

 

তিনি আরও বলেন, আপনারা সংস্কার নিয়ে যতই ঘোরপ্যাঁচ করেন না কেন, আপনাদের কাছ বাংলাদেশের জনগণ সংস্কার কড়ায় গন্ডায় বুঝে নিবে। কারণ সংস্কারের অভাবেই রাষ্ট্রের সমস্ত সুবিধা পেতে ভোগান্তি পোহাতে হয়। তাই সংবিধান সংস্কার হতেই হবে।

 

অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা এনপিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা এনপিপির যুগ্ম আহ্বায়ক মো. ইদ্রিস আলী, ইশরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক দেওয়ান আবুল বাশার প্রমুখ।

Spread the love

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930