সিলেট ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬
প্রতিনিধি / বাগেরহাট ::
বাগেরহাটের চিতলমারী উপজেলা শাখার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা (৫২) পরলোকগমন করেছেন। রোববার (৭ জুন) ভোর ৪টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে চিতলমারী উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ধর্মীয়, সামাজিক ও ব্যবসায়ী মহলে তিনি ছিলেন পরিচিত ও সুপরিচিত মুখ। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি স্থানীয় মানুষের কাছে আস্থা ও ভালোবাসার স্থান করে নিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার দুপুরে চিতলমারী কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
অলিপ সাহা কালার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে চিতলমারী সদর বাজারসহ বিভিন্ন এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। উপজেলা সদর বাজারের ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, অলিপ সাহা কালা দীর্ঘদিন ধরে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক উদ্যোগ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে চিতলমারীর সামাজিক ও সাংগঠনিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, অলিপ সাহা কালা কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ তাঁতী লীগ-এর চিতলমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন।
তাঁর অকাল প্রয়াণে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।