রংপুর সদর উপজেলা পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

রংপুর সদর উপজেলা পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন

প্রতিনিধি / রংপুর ::

 

রংপুর সদর উপজেলায় জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ,মেধা বিকাশ ও সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে বেগবান করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘উপজেলা পাবলিক লাইব্রেরি, রংপুর সদর’। রংপুর সদর উপজেলা পাগলাপীর কলেজ ক্যাম্পাসের পুরাতন লাইব্রেরি ভবনে নবনির্মিত এই পাবলিক লাইব্রেরিটির শুভ উদ্বোধন করা হয়।

 

সোমবার দুপুর ১২টায় লাইব্রেরি প্রাঙ্গণে রংপুর সদর উপজেলা পরিষদের বিশেষ উদ্যোগে ও ব্যবস্থাপনায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন দিগন্তের উন্মোচন করা হয়। রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে লাইব্রেরিটির শুভ উদ্বোধন ঘোষণা করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। রংপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার আফতাবুজ্জামানের সুচারু সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে দেশের গণমাধ্যম, রাজনীতি, প্রশাসন ও শিক্ষা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর সদর উপজেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান এবং সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন মুখদুমি। বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি একটি মেধাভিত্তিক সমাজ গঠনে লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেন। ​

 

রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মাসুদ রানা এবং রংপুর সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাজহারুল ইসলাম। তারা প্রত্যেকেই তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ মননশীল সমাজ গঠনে বই পড়ার অভ্যাস গড়ার তাগিদ দেন।

 

এছাড়া প্রশাসনিক ও একাডেমিক কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ দুলাল হোসেন, পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জয়নুল আবেদীন এবং পাগলাপীর ডিএস দাখিল মাদ্রাসার সহকারী সুপার শাহজাহান। ​লাইব্রেরি প্রতিষ্ঠার এই ঐতিহাসিক মুহূর্তে সংহতি প্রকাশ করে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল কাদের, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের, বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর উপজেলার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু, রংপুর সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক প্রভাষক আব্দুল হাদি,হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুর রাসেল,খলেয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসান সাগর,উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবন ও যুগ্ম আহবায়ক ফিরোজ কবির। ​এছাড়াও নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা শুভ ও কারিমুল ইসলাম নাহিদ  অনুষ্ঠানে উপস্থিত হয়ে লাইব্রেরি প্রতিষ্ঠার এই উদ্যোগকে স্বাগত জানান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল কাহার, জিয়ারুল ইসলাম জিয়াম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমসহ পাগলাপীর স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা। ​অনুষ্ঠানের শেষভাগে প্রধান অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এই চমৎকার ও যুগোপযোগী উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য উপজেলা পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানান।

 

উপস্থিত তরুণ ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষণীয় বার্তা দিয়ে তিনি বলেন, “একটি প্রগতিশীল ও আলোকিত সমাজ গঠনে লাইব্রেরির বিকল্প নেই। বর্তমান যুগে তরুণ প্রজন্ম যেভাবে প্রযুক্তির অপব্যবহার ও মোবাইল আসক্তিতে নিমজ্জিত হচ্ছে, তা থেকে তাদের ফিরিয়ে আনতে বইয়ের পাতা অনন্য ভূমিকা রাখতে পারে।” ​

 

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, এই পাবলিক লাইব্রেরি অত্র অঞ্চলের শিক্ষার্থী ও সাধারণ মানুষের জ্ঞানচর্চার পরিধি বাড়াতে এবং একটি মেধাভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে বাতিঘর হিসেবে কাজ করবে। জেলা প্রশাসক স্থানীয় সর্বস্তরের জনগণকে লাইব্রেরিটি নিয়মিত ব্যবহারের আহ্বান জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930