সিলেট ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আলোচিত ছাত্র নেতা মাহদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক (ডিসি) অফিসের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে।পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদশী ও পুলিশ জানায়, গতকাল বুধবার তার ওপর হামলা চেষ্টার ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য মাহদী হাসান আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি লিখিত আবেদন জমা দেন। আবেদন জমা দিয়ে ফেরার পথে ডিসি অফিসের সামনের সড়কে কতিপয় যুবক তার গতিরোধ করে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে। হামলার সময় মাহদী আত্মরক্ষার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ছাড়েনি। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।
হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সংগঠনের নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘটক আলমগীর হাসান আবিদ বলেন, ‘মাহদীর ওপর গত কয়েকদিন ধরে ছাত্রদলের নেতাকর্মীরা হামলার চেষ্টা করে আসছিল। গতকাল হামলার ফুটেজ যাচাইয়ের আবেদন নিয়ে ডিসি অফিসে গেলে ছাত্রদলের কর্মীরা তাকে এলোপাতাড়ি মারধর করে।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল হক বলেন, ‘বেলা ১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। মাহদীকে কিল, ঘুষি-লাথি মেরে আহত করা হয়েছে।’