ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৬

লন্ডন বাংলা ডেস্ক ::

 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

এতে বলা হয়, চলমান সংকট নিরসনে শুরু থেকেই বাংলাদেশ উত্তেজনা প্রশমন, সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়ে আসছে। শান্তি চুক্তি বাস্তবায়নের পথে অগ্রগতি অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসাও করেছে বাংলাদেশ।

 

বাংলাদেশ আশা প্রকাশ করেছে, চুক্তিটি আন্তরিকতা ও সদিচ্ছার সঙ্গে বাস্তবায়িত হবে এবং দীর্ঘ মেয়াদে টেকসই ও কার্যকর শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বিদ্যমান ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে বাকি সমস্যাগুলোও সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

 

একই সঙ্গে বাংলাদেশ আশা করছে, এ চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্ত ও স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে এবং আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে সহায়তা করবে।

 

প্রসঙ্গত, রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা ঘোষণা করেন, দুই দেশ যুদ্ধের অবসান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে চুক্তির ঘোষণা দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে।’

 

এর কিছুক্ষণ আগে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, স্থানীয় সময় সোমবার ভোরে একটি সমঝোতা অর্জিত হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31