সিলেট ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬
প্রতিনিধি / বাগেরহাট ::
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৫ নম্বর মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলা এলাকায় সম্ভাব্য ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক এইচ. এম. আসলাম হোসেনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় কাঁঠালতলা এলাকায় আয়োজিত এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ এবং এলাকার ভোটাররা অংশগ্রহণ করেন। সভাটি পরিণত হয় এলাকার উন্নয়ন, নাগরিক সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক উন্মুক্ত আলোচনায়।
সভায় সভাপতিত্ব করেন আব্দুস ছালাম শেখ। বক্তব্য রাখেন সুশীল কুমার বিশ্বাস, মো. খলিল শেখ, সালাম শিকদার, আব্দুস ছাত্তার শেখ, আবুল হাসেম শেখ, শহিদুল আকন, আব্দুল বারেক শেখ, মোস্তফা শেখ ও আলমগীর শেখসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ফারুক হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও সামাজিক উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় জনগণের সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
ইউপি সদস্য পদপ্রার্থী এইচ. এম. আসলাম হোসেন তার বক্তব্যে বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার চেষ্টা করেছি। জনগণ আমাকে নির্বাচিত করলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জনগণের মৌলিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”
তিনি আরও বলেন, “একটি আধুনিক, সুন্দর ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। আমি জনগণের প্রতিনিধি হয়ে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই। এজন্য সবার দোয়া, সমর্থন ও পরামর্শ কামনা করছি।”
সভা শেষে উপস্থিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এইচ. এম. আসলাম হোসেন। এ সময় তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা, চাহিদা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো সমাধানে ভবিষ্যতে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, এ ধরনের মতবিনিময় সভা জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এলাকার বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জনগণের প্রত্যাশা ও মতামত প্রতিফলিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়।