লন্ডন বাংলা ডেক্সঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হামতনপুর গ্রামের সায়েস্তা মিয়ার ছেলে মতিউর রহমান (৩২) একটি মামলায় সিলেট আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশের প্রচারণাকালে ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকায় নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে গত ১৪ জুন ২০২৬ তারিখে আদালতে হাজিরা দিতে যান মতিউর রহমান। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলোচিত এ মামলার পাশাপাশি মতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ২০২৩ সালের ৩ আগস্ট ওসমানীনগরে একটি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তার বসতঘরের পাশ থেকে দেশীয় তৈরি পাইপগান, ব্যবহৃত গুলি এবং ধারালো অস্ত্র উদ্ধার করার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী মামলা দায়ের করে।
এছাড়া তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানা ও ওসমানীনগর থানায় দায়ের হওয়া কয়েকটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে জিআর মামলা নং ১৯৩/২০১৮, ১৪৮/২০১৮, ০৬/২০১৫ এবং অন্যান্য মামলার কার্যক্রম চলমান রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, অতীতে বিভিন্ন ঘটনায় মতিউর রহমানকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। এলাকাবাসীর একাংশ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে তার কর্মকাণ্ডের কারণে অনেক পরিবার ভোগান্তির শিকার হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে মতিউর রহমান বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০০৯ সালে ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকা থেকে অস্ত্রসহ র্যাবের হাতে আটক হন মতিউর রহমান। এ ঘটনায় দায়ের হওয়া অস্ত্র মামলাটিও বিচারাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।