বাগেরহাটে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১, আহত ১

প্রকাশিত: 2:07 PM, June 23, 2026

বাগেরহাটে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১, আহত ১

প্রতিনিধি / বাগেরহাট ::

 

খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার পালেরহাট বাজার সংলগ্ন এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. তৈয়ব আলী (৫৫), ওরফে তৈয়েব ঘটক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন পথচারী আহত হয়েছেন।

 

রোববার (২১ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়েব ঘটক উপজেলার পাগলা-শ্যামনগর এলাকার বাসিন্দা।

 

স্থানীয় সূত্র জানায়, ভোরে তৈয়েব ঘটক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় খুলনাগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। একই সময় অপর এক পথচারীও আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ও ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং বর্তমানে সেটি মোল্লাহাট হাইওয়ে থানায় রাখা হয়েছে। তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি প্রাইভেটকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

 

স্থানীয়দের অভিযোগ, খুলনা-ঢাকা মহাসড়কের এ অংশে যানবাহনের অতিরিক্ত গতি ও অসচেতনতা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা মহাসড়কে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031