সিলেট ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
টানা বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে অনেক এলাকায় যানবাহন চলাচলের গতি কমে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, অফিসগামী যাত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে যান চলাচল সংক্রান্ত সতর্কবার্তা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।
এতে বলা হয়েছে, বনানী কবরস্থানের পর ঢাকা গেটের কাছে সড়কের উভয় পাশের অংশে পানি জমেছে। এতে যান চলাচলের গতি কমে গেছে।
এ ছাড়া জলাবদ্ধতার কারণে বনানী-কাকলী উড়ালসড়কের প্রবেশপথেও যান চলাচল ধীর হয়ে গেছে। পাশাপাশি যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে জমে থাকা বৃষ্টির পানি এবং ঢাকা ওয়াসার পাইপলাইনের কাজের কারণে ওই এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
এদিকে ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে ইসিবি এলাকায় জমে থাকা বৃষ্টির পানির কারণে মিরপুর ডিওএইচএস ও কালশী থেকে মাটিকাটা উড়ালসড়কের দিকে চলাচলকারী যানবাহনগুলো ধীরগতিতে চলতে বাধ্য হয়েছে।
বৃষ্টির কারণে যান চলাচলে আরও বিঘ্ন ঘটতে পারে উল্লেখ করে চালকদের সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার এবং অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।