সিলেট ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক ::
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা যুক্তরাজ্যে পৌঁছেছেন। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম যুক্তরাজ্য সফর।
মঙ্গলবার (১৫ জুলাই) লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে যুক্তরাজ্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছার বরণ করে নেন। বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সফল রাজনৈতিক পথচলার জন্য শুভকামনা ব্যক্ত করেন। যুক্তরাজ্য বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ ও ও যুবদলের সভাপতি আফজাল হোসেনের নেতৃত্বে অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে ফুল দিয়ে বরণ করা হয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনাকে।
সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার এ সফরকে ঘিরে যুক্তরাজ্যে অবস্থানরত সিলেট-২ আসনের( ওসমানীনগর-বিশ্বনাথ) প্রবাসীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জানা গেছে, যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি দলীয় বিভিন্ন সভা-সমাবেশ, মতবিনিময় সভা এবং যুক্তরাজ্য বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরকালে প্রবাসীদের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়া যুক্তরাজ্যে বসবাসরত সিলেট-২ আসনের প্রবাসীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকেরও কর্মসূচি রয়েছে বলে জানা যায়। তার এ সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপি ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।