সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামের বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরই মধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে।
আজ শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। সরকারের পুনর্বাসন কার্যক্রম এর মধ্যে শুরু হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ পুনর্বাসন না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এরমধ্যে মেরামত কাজ শুরু হয়েছে।
ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী পতেঙ্গা থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। এরপরে তিনি সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।