‘বিএনপি সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে, কিন্তু…’

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৬

‘বিএনপি সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে, কিন্তু…’

লন্ডন বাংলা ডেস্ক ::

 

অপসাংবাদিকতা বা অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেছেন, ‘বিএনপি সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। কিন্তু কিছু সাংবাদিক, বিশেষ করে কিছু মোবাইল সাংবাদিক নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাদের এ ধরনের অপসাংবাদিকতা থেকে বিরত থাকার আহ্বান জানাই।’

 

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ৫ মাস পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

আতিকুর রহমান রুমন বলেন, ‘গত ১৭/১৮ বছরের দুঃশাসনে আমাদের সংবাদপত্রের ওপর নানা হস্তক্ষেপ, বিভিন্ন কালো আইন দেখেছি। কিন্তু আমাদের বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন।’

তিনি বলেন, ‘সংবাদপত্রের স্বাধীনতা যতটুকু থাকা প্রয়োজন, আপনারা সাংবাদিকরা গত পাঁচ মাসে সেই স্বাধীনতা পেয়েছেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে স্বাধীনভাবে চলছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু সাংবাদিক অপসাংবাদিকতা করছে। স্বাধীন সংবাদ পরিবেশনের অন্তরালে এ কাজগুলো করা হচ্ছে। যারা এসব অপসাংবাদিকতা করছেন, আমি আশা করব তারা এ ধরনের তৎপরতা থেকে বিরত থাকবেন।’

সম্প্রতি ঘটে যাওয়া একটি ছাত্র আন্দোলনের উদাহরণ টেনে আতিকুর রহমান রুমন বলেন, ‘এ আন্দোলনের পরিস্থিতি জানতে আমি সব সময় খোঁজ রেখেছি। এ সময় এক ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম উত্তরায় কয়জন ছাত্র অবস্থান নিয়েছে। সেই ছোট ভাই বলল, ১৫ জনের মতো। পরে ভিডিওতে ২৫-৩০ জন দেখলাম। তখন ওই ছোট ভাই আইডি কার্ড দেখে জানিয়েছে প্রকৃত ছাত্র ১৫ জন, অন্যরা মোবাইল সাংবাদিক। এর মানে আপনারা বুঝে নেন, আন্দোলনকারীদের কীভাবে উসকানো হয়েছে অপসাংবাদিকতার মাধ্যমে। আমি এ ঘটনার নিন্দা প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘আমাদের সরকারের বয়স মাত্র পাঁচ মাস। বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকার এই দেশে যে অবস্থা করে রেখে গেছে, দেশকে ঋণে জর্জরিত করেছে, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানকে যেভাবে অকার্যকর করে রেখে গেছে এগুলো ঠিক করতে অনেক দিন লাগবে। সেখানে বর্তমান সরকারকে যদি পাঁচ মাস সময়ও না দেন, তাহলে কীভাবে হবে?’

 

তিনি আরও বলেন, ‘আমি আবারও বলছি, কেউ কষ্ট পাবেন না। আমরা আপনাদেরই লোক। আপনাদের সঙ্গে আমরা ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ।’

 

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সরকারের গত পাঁচ মাসের নানা অর্জন ও কার্যক্রম তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী।

 

এ সময় প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমানসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031