সিলেট ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৫টি ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। সে লক্ষ্যে আগ্রহী গবেষকগণের ৪ বিষয়ে গবেষণা প্রস্তাবনা আহ্বান করেছে নেপ। প্রতিটি গবেষণা কার্যক্রমের জন্য দেওয়া হবে সর্বোচ্চ ২ লাখ টাকা।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ২০২৬-২৭ অর্থবছরে রাজস্বখাতে প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকগণের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের সাথে সম্পর্কিত ৫টি ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। সে লক্ষ্যে আগ্রহী গবেষকগণের কাছ থেকে নিম্নোক্ত বিষয়/থিমসমূহে গবেষণা প্রস্তাবনা আহ্বান করা যাচ্ছে।
বিষয়সমূহ হলো: ক) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা (বাংলা ও ইংরেজি) উন্নয়নে কোনো পদ্ধতি, কৌশল, এক্টিভিটি বা মডেলের কার্যকারিতা নির্ণয় বিষয়ক গবেষণা।
খ) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গণিতের চ্যালেঞ্জিং কোনো বিষয়বস্তু উপস্থাপনার জন্য কোনো পদ্ধতি, কৌশল, এক্টিভিটি বা মডেলের কার্যকারিতা নির্ণয় বিষয়ক গবেষণা।
গ) পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি)। ডিপিএড প্রশিক্ষণের তথ্যপুস্তক, ম্যানুয়াল, শিক্ষাক্রম ইত্যাদির কার্যকারিতা, সামঞ্জস্যতা ইত্যাদি বিষয়ক গবেষণা।
ঘ) প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাক্রম, পাঠ্যবই, শিক্ষক সহায়িকার কার্যকারিতা (Effectiveness), সামঞ্জস্যতা (Alignment) ইত্যাদি বিষয়ক গবেষণা।
ঙ) প্রাথমিক শিক্ষা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের সহজীকরণে বিশেষ কোনো উদ্যোগ/ কার্যক্রমের কার্যকারিতা নির্ণয় বিষয়ক গবেষণা।
এ বছর পরীক্ষামূলক গবেষণাকে অধিকতর উৎসাহ প্রদান করা হচ্ছে উল্লেখ করে শর্ত হিসেবে নেপ-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য একজন টিম লিডার এবং এক বা একাধিক সহযোগী গবেষকের সমন্বয়ে ‘গবেষণা দল’ গঠন করতে হবে। পিটিআই, ইউপিইটিসি, শিক্ষা প্রশাসনের কর্মকর্তাগণ এবং পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ গবেষক হিসেবে গবেষণা দল গঠন করতে পারবেন। গবেষণাদল গঠনপূর্বক নির্ধারিত কাঠামো অনুযায়ী ‘গবেষণা প্রস্তাবনা’ আগামী ১৫ আগস্ট, ২০২৬ তারিখের মধ্যে হার্ড কপি “অনুষদ প্রধান, গবেষণা ও শিক্ষাক্রম উন্নয়ন অনুষদ, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহ” ঠিকানায় এবং সফট কপি (পিডিএফ এবং ওয়ার্ড ফাইল) nape.research@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। প্রতিটি ক্ষুদ্র গবেষণা কার্যক্রমের জন্য সর্বোচ্চ বরাদ্দকৃত বাজেট ২,০০,০০০/- (দুই লাখ টাকা মাত্র) টাকা, যা নেপ এর রাজস্বখাতের আওতাভুক্ত গবেষণা উপখাতে বরাদ্দ অর্থ থেকে পরিশোধ করা হবে।