সিলেট ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুতে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের কাছে হস্তান্তরে চুক্তি সই হতে পারে।
আজ সোমবার বেবিচক কার্যালয়ের অডিটোরিয়ামেসাংবাদিকদের নিয়ে ‘সিভিল এভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
তিনি বলেন, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের বিমানবন্দর এলাকায় ড্রোন উড়ানো থেকে বিরত থাকা উচিত। নিরাপত্তা জোরদারে চলতি বছরই অ্যান্টি-ড্রোন সিস্টেম কেনা হবে। এ ছাড়া আধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ব্যবস্থা চালুর ফলে দেশের সমুদ্রসীমা ব্যবহারকারী বিদেশি উড়োজাহাজ থেকে ফ্লাইট চার্জ বাবদ প্রতিবছর প্রায় ৮ শতাংশ বেশি রাজস্ব আদায় সম্ভব হবে।
বেবিচক চেয়ারম্যান বলেন, বেসামরিক বিমান চলাচল একটি বিশেষায়িত ও জনস্বার্থসংশ্লিষ্টখাত। তাই এভিয়েশন বিষয়ে নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধি জরুরি। এ উদ্দেশ্যেই এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এমন আয়োজন অব্যাহত থাকবে।
কর্মশালায় বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান বিমানবন্দর পরিচালনা, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) মানদণ্ড অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
সদস্য (প্রশাসন) মোহাম্মদ লাবলুর রহমান বলেন, হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে এমবারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি মওকুফসহ জমজমের পানি বিতরণ, পৃথক নামাজের স্থান, বিশুদ্ধ পানি, ওয়াশরুম, ট্রলি, চেয়ার, কিউ বেল্ট এবং অবকাঠামোগত উন্নয়নসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করেছে বেবিচক।
এ ছাড়া সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডোর মো. নূর-ই-আলম এয়ার ট্রাফিক কন্ট্রোল, আকাশপথে বিমান চলাচল ব্যবস্থাপনা, ন্যাভিগেশন, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম এবং জরুরি পরিস্থিতি মোকাবিলাসহ এয়ার ট্রাফিক অপারেশনের বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে উপস্থাপনা করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন বেবিচক চেয়ারম্যান।