দেওয়ান বাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তোফায়েল আহমেদ সুহেল

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২৬

দেওয়ান বাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তোফায়েল আহমেদ সুহেল

প্রতিনিধি  / বালাগঞ্জ ::

 

আসন্ন বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জমে উঠছে। এ আলোচনায় অন্যতম নাম হিসেবে উঠে এসেছে বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য তোফায়েল আহমেদ সুহেল। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা তোফায়েল আহমেদ সুহেল কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।

 

 

রাজনৈতিক জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি দলের দুঃসময়ে মাঠে থেকে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে সংগঠনকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জানা যায়, শেখ হাসিনা সরকারের শাসনামলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। তার বিরুদ্ধে প্রায় ডজনখানেক মামলা দায়ের করা হয়, একাধিকবার কারাবরণ করতে হয় এবং বিভিন্ন সময়ে তার বাড়িতে হামলার ঘটনাও ঘটে। তবে এসব প্রতিকূলতা তাকে রাজনীতি ও জনসেবার পথ থেকে বিচ্যুত করতে পারেনি। বরং কঠিন সময়ে বালাগঞ্জ উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত রাখতে তিনি নিরলসভাবে কাজ করেছেন।

 

রাজনীতির পাশাপাশি তোফায়েল আহমেদ সুহেল বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে এলাকায় তার একটি ইতিবাচক পরিচিতি রয়েছে। শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তার অংশগ্রহণ স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে।

 

স্থানীয় সচেতন মহলের ধারণা, আসন্ন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণেরও ব্যাপক সমর্থন লাভ করবেন। অনেকেই মনে করছেন, নেতৃত্বের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে তিনি ইউনিয়নের উন্নয়ন ও জনগণের সেবায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

 

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল আহমেদ সুহেল বলেন, দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। সুযোগ পেলে জনগণের প্রত্যাশা পূরণে সততা, জবাবদিহিতা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। এজন্য আমি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, পরামর্শ ও আন্তরিক সমর্থন কামনা করছি।

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তোফায়েল আহমেদ সুহেলের রাজনৈতিক তৎপরতা ও গণসংযোগ ইতোমধ্যে দেওয়ান বাজার ইউনিয়নে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Spread the love